‘আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে’— দাবি এনসিপি নেতা সারজিস আলমের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে তাদের প্রাপ্ত ভোটের ফলাফল সঠিকভাবে প্রতিফলিত হয়নি। তিনি দাবি করেন, ভোট গণনার প্রক্রিয়ায় প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিজয়ের ফলাফল কেড়ে নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে এনসিপি পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, “আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। তবে এর দায় শুধু অন্যদের নয়, আমাদেরও আছে। কারণ আমরা ভোট গণনার সময় আমাদের ভোট যথাযথভাবে রক্ষা করতে পারিনি।” তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। তাই প্রতিটি কেন্দ্রে নিজেদের ভোট সুরক্ষিত রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো কেন্দ্রে যদি তাদের ১০ জন ভোটার থাকে, সেই ১০টি ভোটও রক্ষা করতে হবে; আবার কোথাও যদি ১০০ জনের মধ্যে ৯০ জন তাদের সমর্থক হন, তাহলে সেই ভোটও সঠিকভাবে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, “আমরা ১১ দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছি। স্থানীয় নির্বাচন জোটগতভাবে হবে নাকি আলাদাভাবে হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে জনগণ যে বিশ্বাস ও আশা নিয়ে আমাদের ভোট দেয়, সেই আমানত আমাদের রক্ষা করতে হবে— প্রয়োজনে ত্যাগ স্বীকার করেও।” দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে সারজিস আলম বলেন, জনগণ আন্তরিকভাবে পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের আন্দোলনে নেতৃত্ব দিতে হবে রাজপথ থেকেই। ভয় ও সাহস প্রসঙ্গে তিনি বলেন, ভয় যেমন দ্রুত ছড়িয়ে পড়ে, সাহসও তেমনি মানুষের মধ্যে ছড়িয়ে যায়। তিনি উল্লেখ করেন, অতীতে আন্দোলনের সময় একের পর এক মানুষ সামনে এসে দাঁড়ানোর ঘটনাই তার প্রমাণ। এ সময় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের ভেতর থেকেই ভবিষ্যতে কাউকে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিতে হবে। — Post navigation বিএনপিকে তাদের কর্মীরাই ডোবাবে, চুপ থাকাকে দুর্বলতা ভাববেন না: এমপি হানজালা