বিএনপিকে তাদের কর্মীরাই ডোবাবে, চুপ থাকাকে দুর্বলতা ভাববেন না: এমপি হানজালা

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, বিএনপির নেতাকর্মীদের আচরণই দলটির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তিনি বলেন, “আমার নীরবতাকে দুর্বলতা মনে করলে আপনারা ভুল করছেন। আমি প্রতিহিংসার রাজনীতি নয়, নতুনত্বের রাজনীতি দেখতে চাই।”

শুক্রবার (১৩ মার্চ) শিবচর উপজেলার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানে কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে হানজালা অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বিভিন্ন সভা-সমাবেশে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, “এ দেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না। যদি আমি বিএনপিকে খোঁচাখুঁচি শুরু করি, তাহলে আপনারা এ দেশে থাকতে পারবেন না।”

হানজালা আরও বলেন, তিনি কোনো বড় নেতার প্রভাবে নয়, সাধারণ কর্মীদের সমর্থন নিয়েই নির্বাচনে জয়ী হয়েছেন। তার দাবি, শিবচরে দীর্ঘ ৩৫ বছরের আধিপত্যের রাজনীতি ভেঙে দিয়ে জনগণের ভালোবাসার মাধ্যমেই তিনি বিজয় অর্জন করেছেন।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ (রহ.)-এর সপ্তম বংশধর মাওলানা জিয়াউদ্দিন আহমাদ ত্বহা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভা আমির বেলায়েত হোসেনসহ জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *