:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মির আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)। তার অভিযোগ, নিম্নমানের হেডফোন ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা অনুভব করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের শেষ দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন তিনি।

পোস্টে কালো রঙের একটি হেডফোনের ছবি শেয়ার করে ব্যারিস্টার আরমান লেখেন, সংসদে সরবরাহ করা হেডফোনের মান এতটাই খারাপ যে তা ব্যবহার করতে গিয়ে তার কানে ব্যথা শুরু হয়ে মাথা পর্যন্ত ছড়িয়ে গেছে। তিনি আরও দাবি করেন, হেডফোনটির সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের এবং সংসদের পুরোনো ডিভাইসগুলো সম্ভবত এর চেয়েও পরিষ্কার শব্দ দিত।

এই পরিস্থিতিতে পুরো বিষয়টি তাকে হতাশ করেছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

এদিকে একই অধিবেশন চলাকালে সংসদের মাইকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

পরে বিরতি শেষে দুপুর পৌনে একটার দিকে স্পিকারের সভাপতিত্বে অধিবেশন আবার শুরু হয়। তবে মাইকে শব্দের সমস্যা থাকায় কিছু সময় হ্যান্ডমাইক ব্যবহার করেই সংসদের কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় স্পিকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *