রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৮২ হাজার ৬০১টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকাল থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি। চারলেন সুবিধা থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও এখনো কোনো জট তৈরি হয়নি।

অন্যদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকামুখী ছিল ১৯ হাজার ৪৪৫টি, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। আর উত্তরবঙ্গমুখী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। একদিনেই মোট টোল আদায় দাঁড়ায় ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের চাপ সামলাতে ৯ থেকে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুই প্রান্তে আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে যমুনা সেতুতে নিয়মিত টোল আদায় করা হচ্ছে। বর্তমানে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) এ কার্যক্রম পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *