ত্যাজ্যপুত্র ঘোষণা: ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগ করলেন বাবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ছেলেকে অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন এক বাবা। সম্প্রতি নেত্রকোনায় এমন একটি ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরের সাতপাই এলাকার বাসিন্দা মীর মো. আব্দুল মালেক গত ৬ মার্চ নোটারি পাবলিক কার্যালয়ে একটি অ্যাফিডেভিট (নং–৩১০) করে তার ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটনকে ত্যাজ্য ঘোষণা করেন। নেত্রকোনা জেলা জজ আদালতের আইনজীবী মো. আজিজুল হক–এর মাধ্যমে এই অ্যাফিডেভিট সম্পন্ন করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, ছোটন কৈশোর থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। অন্যদিকে তার পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে রাজনৈতিক মতবিরোধের জেরে পরিবারে বেশ কিছুদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। অ্যাফিডেভিটে আব্দুল মালেক উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও তার ছেলে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংগঠনটির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিষয়টি জানার পর তিনি ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। একইসঙ্গে ভবিষ্যতে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার তিনি নেবেন না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন। এ বিষয়ে আব্দুল মালেক বলেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে ছাত্রলীগের রাজনীতি থেকে ফেরাতে পারেননি। তাই ছেলের মঙ্গলের কথা ভেবেই তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে সাজেদুর রহমান ছোটন জানান, পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রায় তিন বছর ধরেই তিনি পরিবার থেকে আলাদা থাকছেন। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের রাজনীতি করার কারণে গত আগস্ট মাসে তার বাবা তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। তবে পরিবার সম্পর্ক ছিন্ন করলেও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে সরে দাঁড়াবেন না বলেও জানান। Post navigation হাদি হ’ত্যা মাম”লার দুই প্রধান আসামি ভারতে গ্রেপ্তার, দেশে ফেরত আনা নিয়ে আলোচনা