ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় সেবাদাতাদের সম্মানী কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজকদের জন্য সম্মানী প্রদানের একটি কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কয়েকজন ইমাম-মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বিহার অধ্যক্ষের হাতে প্রতীকীভাবে সম্মানীর অর্থ তুলে দেন তিনি।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম; ৯৯০টি মন্দিরের পুরোহিত; ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্প হিসেবে প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা। অন্যদিকে প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখানে পুরোহিত পাবেন ৫ হাজার এবং সেবায়েত পাবেন ৩ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *