তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মন্তব্য করেছেন, ইসরায়েল এমন একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে যারা নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যকে বড় ধরনের সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানী আঙ্কারা-র প্রেসিডেন্ট কমপ্লেক্সে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এরদোয়ান জানান, গাজা থেকে শুরু হওয়া সংঘাত ইয়েমেন, লেবানন হয়ে ইরান পর্যন্ত বিস্তৃত হওয়াকে শুধুমাত্র আত্মরক্ষা বা নিরাপত্তার অজুহাতে ব্যাখ্যা করা যায় না; এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে স্পষ্ট হওয়া দরকার।

তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ব্যবস্থার একটি বড় ধরনের ভাঙনের সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে অভিযোগ করেন, ইসরায়েল টানা ১৭ দিন ধরে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ইবাদত বন্ধ রেখেছে, যা অগ্রহণযোগ্য।

এরদোয়ান আরও বলেন, তথাকথিত ‘প্রতিশ্রুত ভূমি’ নিয়ে যে ধারণা ও বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা সামনে আনা হচ্ছে, তা পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট বর্ণনা তৈরির অংশ। তিনি মনে করেন, এসব কার্যক্রমের মাধ্যমে যে সহিংসতা ও অস্থিরতা তৈরি হচ্ছে, তা বিশ্ববাসীর সামনে স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান চলমান রয়েছে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যেই লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান জোরদার হয়েছে। এরদোয়ান সতর্ক করে বলেন, দ্রুত এই সংঘাত বন্ধ না হলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াবে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, চাপিয়ে দেওয়া অবস্থান থেকে বেরিয়ে এসে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *