এমন এক প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে ইরান, যাতে ভবিষ্যতে কোনো শত্রু দেশ তাদের ওপর আক্রমণ করার সাহস না পায়। তেহরানের নিকটবর্তী ইসলামশহর এলাকায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ক্ষেপণাস্ত্র উৎপাদনসহ উন্নত প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ইরানের সাম্প্রতিক অর্জনগুলো দেশের মানবসম্পদের অমূল্য সক্ষমতা ও বৈজ্ঞানিক দক্ষতারই বহিঃপ্রকাশ। তবে বর্তমান অর্জনকেই শেষ কথা বলে মানতে নারাজ তেহরান। এ বিষয়ে পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেন, “আমরা বর্তমান পরিস্থিতির চেয়ে অনেক ভালো করতে পারি, যেন ইরান এমন এক অবস্থানে পৌঁছাতে পারে যেখানে কোনো শত্রু দেশ আর আমাদের আক্রমণ করার সাহস না পায়।” দেশের এই দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে শিক্ষাব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, দক্ষ ও যোগ্য জনবল তৈরিতে শিক্ষা সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের ভবিষ্যৎ সুরক্ষা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি। Post navigation সৌদিকে রক্ষায় প্রস্তুত মিসর, বললেন সিসি