নেতানিয়াহুর কফি শপ ভিডিও ঘিরে বিতর্ক, এআই ডিপফেক নিয়ে তুমুল আলোচনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এই দাবি নাকচ করে ভিডিওটিকে বাস্তব বলে উল্লেখ করেছে। গত কয়েক দিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। ইরান-ইসরায়েল উত্তেজনা এবং তেহরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠার মাঝেই এই ভিডিওটি প্রকাশ করা হয়। কফি শপের ভিডিও নিয়ে শুরু বিতর্ক ভিডিওটিতে নেতানিয়াহুকে জেরুজালেম হিলসের ‘দ্য সাতাফ’ নামের একটি ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়। ভিডিওতে তিনি কফি বিক্রেতার সঙ্গে কথা বলেন এবং ভিডিও ধারণকারী ব্যক্তির সঙ্গে হাস্যরস করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে নেতানিয়াহু মজা করে বলেন, “আমি এক কাপ কফির জন্য মরে যাচ্ছি।” তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি তার ভালোবাসা রয়েছে এবং তারা চমৎকার আচরণ করছে। এরপর তিনি দুই হাত তুলে আঙুল দেখিয়ে বলেন, “আপনারা কি আঙুল গুনতে চান? এখানে দেখুন।” এর আগে আরেকটি ভিডিওতে তার হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করে অনেকে সেটিকে ভুয়া বা সম্পাদিত ভিডিও বলে প্রচার করেছিল। ভিডিওর শেষে নেতানিয়াহু কফির কাপ তুলে “ল’চাইম” বলেন। হিব্রু ভাষায় এর অর্থ “জীবনের জয় হোক”। এআই ডিপফেক দাবি তুলেছে গ্রোক ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক শুরু হয়। একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে এক্স প্ল্যাটফর্মের এআই চ্যাটবট ‘গ্রোক’ দাবি করে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক হতে পারে। চ্যাটবটটির মতে, ভিডিওতে নেতানিয়াহুকে ক্যাজুয়াল পোশাকে একটি কফি শপে বসে কফি পান করতে দেখা যায় এবং সেখানে ইরান ও লেবানন নিয়ে সংবেদনশীল বিষয়ে কথা বলতে দেখা যায়, যা বাস্তবে ঘটেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। কিছু ব্যবহারকারী ভিডিওটির বিভিন্ন অংশ বিশ্লেষণ করে দাবি করেছেন, সেখানে অস্বাভাবিক কিছু দৃশ্য দেখা যায়। কেউ বলেছেন কফির কাপের তরল পদার্থ অস্বাভাবিক আচরণ করছে, আবার কেউ বলেছেন ক্লোজ-আপ দৃশ্যে নেতানিয়াহুর মুখের আকৃতি পরিবর্তিত হতে দেখা যায়। ইসরায়েলি সরকারের প্রতিক্রিয়া তবে এসব দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। তারা বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য সম্পূর্ণ ভুয়া। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, নেতানিয়াহু সুস্থ আছেন এবং তার মৃত্যু নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন। এদিকে, জেরুজালেমের ‘দ্য সাতাফ’ ক্যাফে তাদের ইনস্টাগ্রাম পেজে নেতানিয়াহুর কফি পানের একটি ছবি প্রকাশ করেছে। ক্যাপশনে তারা জানিয়েছে, সেদিন প্রধানমন্ত্রী ও তার কার্যালয়ের সদস্যদের আতিথেয়তা দিতে পেরে তারা আনন্দিত। সূত্র: এনডিটিভি Post navigation হরমুজ প্রণালি সংকট: জরুরি তেলের মজুত থেকে সরবরাহ শুরু করেছে জাপান