দেশের জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এবার শোভা পেল পবিত্র কালেমা তাইয়্যেবা। স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে স্থাপন করা হয়েছে ইসলামের মহান সাক্ষ্যবাক্য। বিষয়টিকে অনেকেই সংসদ ভবনের পরিবেশে একটি তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবনে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা স্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়। পরে সেখানে “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়।

এদিকে একইদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সচিবালয়ে নিজের কক্ষে অফিস করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি সংসদ নেতার কক্ষে বসে দাপ্তরিক কাজ পরিচালনা করেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সংসদ থেকেই তার সরকারি কাজ সারেন। এছাড়া বুধবার সকালে তিনি বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। ওই সভায় সংসদ নেতা হিসেবে সভাপতিত্বও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *