জাতীয় সংসদের অধিবেশন কক্ষে, যেখানে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, সেখানে এবার স্থাপন করা হয়েছে পবিত্র কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি। স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে এই কালেমা স্থাপনকে জনগণ ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবনে সংস্কার কাজ হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা স্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়। পরে সেখানে “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এর আরবি ক্যালিগ্রাফি দেয়ালে স্থাপন করা হয়।

এদিকে একইদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সচিবালয়ে নিজের কক্ষে অফিস করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি সংসদ নেতার কক্ষে বসে দাপ্তরিক কাজ পরিচালনা করেন।

আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী সংসদ থেকেই তার সরকারি কাজ সারেন। এছাড়া বুধবার সকালে তিনি বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। ওই সভায় সংসদ নেতা হিসেবে সভাপতিত্ব করেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *