উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার? গুজব উড়িয়ে দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

উটের মূত্রের সক্রিয় উপাদান থেকে তৈরি ওষুধে ক্যানসার নিরাময় সম্ভব—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের ওষুধ নয়; এটি একটি খাদ্যসম্পূরক।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় দৈনিক ইত্তেফাক।

প্রতিবেদন অনুযায়ী, উটের মূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারসহ কোনো রোগের চিকিৎসার জন্য অনুমোদিত নয়। এতে মূলত শরীরের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে।

এসএফডিএ আরও জানায়, পণ্যটি কেবল খাদ্যসম্পূরক হিসেবেই ব্যবহার করা যাবে। ক্যানসার নিরাময়ে এর কার্যকারিতার পক্ষে কোনো স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ বা চিকিৎসাসংক্রান্ত অনুমোদন নেই।

কর্তৃপক্ষ ক্যানসারের চিকিৎসায় পণ্যটির অনুমোদন পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া দাবিও নাকচ করেছে। পাশাপাশি সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার এবং ক্যানসারের চিকিৎসায় প্রমাণভিত্তিক চিকিৎসাপদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

এদিকে, ২০২৩ সালে প্রকাশিত একটি পর্যবেক্ষণমূলক গবেষণায় উটের মূত্র ও দুধ ব্যবহারকারী ২০ জন ক্যানসার রোগীর ক্ষেত্রে কোনো ক্লিনিক্যাল উপকার পাওয়া যায়নি। গবেষণাটিতে দুজনের ব্রুসেলোসিস সংক্রমণও শনাক্ত হয়েছিল।
সূত্র: দৈনিক ইত্তেফাক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সাময়িকীতে প্রকাশিত গবেষণা।

Leave a Reply