নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর দাবি, প্রধানমন্ত্রী প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমান।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততার কথা তুলে ধরেন আইনমন্ত্রী।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, অতীতের নির্বাচনগুলোর তুলনায় আরও ভালো নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, কেউ জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া বিসিআইসির সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ধরনের অনিয়মের খবর তাঁর জানা নেই। সার ডিলার নিয়োগ ও বরাদ্দের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।

এর আগে সোমবার সকালে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, জনবলসংকট দূর করা এবং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর বিষয়ে আলোচনা হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক।

Leave a Reply