স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তিনি বলেন, তার জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে না।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর পূর্ব বাড্ডায় শ্রী শ্রী নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির ঘোষিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যিনি প্রধানত দায়ী, তাকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। তার ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণ এখন তার পদত্যাগের অপেক্ষায় রয়েছে।

ইশরাক হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, ইশরাকের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রসঙ্গ তুলে তিনি বলেন, পদত্যাগের পরও তাকে গ্রেপ্তার করা হয়নি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ব্যক্তির ইচ্ছা, অনুরোধ কিংবা নির্দেশনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়া গণতন্ত্র ও আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম নিয়েও সমালোচনা করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তার অভিযোগ, কমিটির কার্যক্রমের মাধ্যমে আগে গৃহীত সংস্কারগুলোর বিরোধিতা করা হচ্ছে। তিনি দাবি করেন, এ ধরনের উদ্যোগ জনগণের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক।

Leave a Reply