সংসদে জনগণের অধিকার নিয়ে সোচ্চার থাকার অঙ্গীকার জামায়াত আমিরের জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তাদের দল দৃঢ় অবস্থান নেবে। তিনি বলেন, জনগণের স্বার্থে কোনো দাবি সরকার মেনে নিলে তা স্বাগত জানানো হবে এবং মানুষের অধিকার বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, প্রয়োজন হলে সহযোগিতাও করা হবে। তবে জনগণের অধিকার ক্ষুণ্ন হলে দল নীরব থাকবে না; প্রয়োজনে কঠোর প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা হবে। সোমবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এবং লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান বলেন, যারা একসময় নিপীড়নের শিকার ছিলেন, তাদের মধ্যেই কেউ কেউ আজ ভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছেন—যা হতাশাজনক। তিনি প্রশ্ন তোলেন, ইতিহাস থেকে কি কেউ শিক্ষা নেবে না? তার ভাষ্য, ইতিহাস বারবার ফিরে আসে এবং অন্যায়ের বিচার একসময় হয়ই। তাই ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে এবং এর স্থায়ী সমাধানই লক্ষ্য। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে তাদের দল জনগণের বিজয়ের কথা বলেছিল, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। তার দাবি, ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে এবং বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেন, এখন বিচার জনগণের আদালতে এবং শেষ পর্যন্ত সেই রায় জনগণের পক্ষেই যাবে বলে তারা বিশ্বাস করেন। বিশ্ব পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে জামায়াত আমির বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতায় মুসলিম বিশ্ব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, মানবতার বিরুদ্ধে যেখানেই অন্যায় হবে, তাদের দল তার প্রতিবাদ করবে। দেশ বা ভৌগোলিক অবস্থান বিবেচনা না করে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধ ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই তাদের রাজনৈতিক অবস্থান। তার ভাষায়, শেষ পর্যন্ত মানবতা ও মনুষ্যত্বেরই বিজয় হওয়া উচিত। Post navigation শুধু ফয়সাল যেন বলির পাঁঠা না হয়—কেন বললেন হাদির বোন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ায় পদ গেল জামায়াত আমিরের উপদেষ্টার